• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন মাঠজুড়ে পাকা আমন ধান, সোনালি ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি টানা দুই সপ্তাহ কমছে তেলের দাম, ব্যারেলপ্রতি ৯৫ ডলার যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, কোরআন হাতে শপথের পরিকল্পনা

মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরল নোবেলজয়ীর দেহভস্ম

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরেছে নোবেলজয়ী সাহিত্যিক মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহভস্ম। দীর্ঘ নির্বাসনের অধ্যায়ের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফ্রান্স থেকে তাঁর দেহভস্ম দেশে পৌঁছায়। এর মধ্য দিয়ে পূরণ হলো লেখকের দেশে ফেরার শেষ ইচ্ছা।

শুক্রবার (১৩ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটির লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর দেহভস্ম গ্রহণ করা হয়। এ সময় দেশটির প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালো, সরকারি কর্মকর্তা, পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গুয়াতেমালার বিভিন্ন সরকার আস্তুরিয়াসের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল। তবে তাঁর বংশধরেরা তাতে সম্মতি দেননি। পরিবারের আশঙ্কা ছিল, লেখককে দেশে ফিরিয়ে এনে তাঁর পরিচিতি ও জনপ্রিয়তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হতে পারে।

রয়টার্সকে আস্তুরিয়াসের নাতি সানদিনো আস্তুরিয়াস বলেন, অতীতে অনেকেই তাঁর দাদাকে ‘পদকের মতো’ দেশে ফিরিয়ে এনে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছেন। এ কারণে পরিবার সব সময় তাঁর নামকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহারের বিরোধিতা করেছে।

তবে ২০২৪ সালে সংস্কারপন্থী প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালো ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। তাঁর সরকারের রাজনৈতিক আদর্শের সঙ্গে আস্তুরিয়াসের বিশ্বাসের মিল রয়েছে বলে মনে করছে পরিবার। তাই এবার দেহভস্ম দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সানদিনো আস্তুরিয়াসের ভাষায়, দেশের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিককে মাতৃভূমিতে ফিরিয়ে আনা ‘ঐতিহাসিক ন্যায়বিচারের’ অংশ। তাঁর মতে, এবারই পরিবার মনে করেছে, দাদার দেশে ফেরার জন্য উপযুক্ত সময় এসেছে।

১৮৯৯ সালের ১৯ অক্টোবর গুয়াতেমালা সিটিতে জন্মগ্রহণ করেন মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস। তিনি ছিলেন সাহিত্যিক, কূটনীতিক ও আইনজীবী। মায়া সভ্যতার ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি এবং সামাজিক বৈষম্য তাঁর সাহিত্যকর্মে বিশেষভাবে উঠে এসেছে।

১৯৬৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। মধ্য আমেরিকা থেকে সাহিত্যে নোবেল পাওয়া একমাত্র লেখক আস্তুরিয়াস। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘মিস্টার প্রেসিডেন্ট’ ও ‘মেন অব কর্ন’।

রাজনৈতিক অবস্থানের কারণে জীবনের একটি বড় সময় তাঁকে দেশের বাইরে কাটাতে হয়েছে। ১৯৫৪ সালে গুয়াতেমালার প্রেসিডেন্ট হাকোবো আরবেন্সের সরকার উৎখাতের পর আস্তুরিয়াসের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। পরে তিনি স্পেনের মাদ্রিদে অবস্থান করেন এবং ১৯৭৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁকে প্যারিসের পেরে লাশেজ সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়েছিল।

ফ্রান্স থেকে তাঁর দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তরের পর দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়। গুয়াতেমালা সরকার তাঁর স্মরণে কয়েক দিনের রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক আয়োজন করেছে। আগামী ১৫ নভেম্বর রাজধানীর মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস সাংস্কৃতিক কেন্দ্রে নির্মিত স্মৃতিসৌধে তাঁর দেহভস্ম সমাহিত করার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca