• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

১৯ নভেম্বর ঘিরে গোপালগঞ্জে নাশকতার শঙ্কা, সংসদে শফিকুর রহমান

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে তথ্য পাওয়ার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সম্ভাব্য অগ্নিসংযোগ, হামলা ও বিশৃঙ্খলা ঠেকাতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের জীবন-সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার সময় গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

শফিকুর রহমানের ভাষ্য, পরিস্থিতির কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাও এ ধরনের ঘটনার কথা শুনেছেন বলে জানান তিনি।

সরকারের দৃশ্যমান পদক্ষেপের বিষয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার কথা জানা গেছে। এর বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

গোপালগঞ্জের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ এই জেলার ওপর দিয়ে। ফলে সেখানে অস্থিরতা অব্যাহত থাকলে দেশের একটি অংশের যোগাযোগব্যবস্থা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

১৯ নভেম্বরকে ঘিরে সম্ভাব্য নাশকতার বিষয়ে শফিকুর রহমান বলেন, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে, সে বিষয়ে তাঁদের কাছে তথ্য রয়েছে। তবে এ তথ্য সরকারের কাছে না থাকলে এবং বাস্তবে এমন কোনো ঘটনা না ঘটলে সেটি ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকারি স্থাপনার নিরাপত্তায় কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা সংসদ ও দেশবাসীকে জানানোর আহ্বান জানান তিনি।

সংসদে বক্তব্যের একপর্যায়ে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়েও কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস এই শিল্প। খাতটি থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয় এবং দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে।

শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং খাতেও এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, উৎপাদন বন্ধ হয়ে গেলে মালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধে সমস্যায় পড়বেন। এতে কারখানায় লে-অফ, বিশৃঙ্খলা ও অগ্নিসংযোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারালে তাঁদের বিকল্প কাজের ব্যবস্থা করাও কঠিন হবে। এর ফলে সামাজিক অস্থিরতা বাড়তে পারে।

পোশাকশিল্পের সংকট সমাধানে সরকার, মালিক, শ্রমিক ও কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন শফিকুর রহমান। তিনি বলেন, শিল্পের সংকট মোকাবিলা শুধু সরকারের একার দায়িত্ব নয়; দেশের অর্থনীতি রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। টাস্কফোর্স গঠনের মাধ্যমে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

শ্রমিকদের সরাসরি সরকারি প্রণোদনা দেওয়ারও প্রস্তাব করেন তিনি। তাঁর মতে, প্রতিষ্ঠান বেসরকারি হলেও পোশাকশিল্পের শ্রমিকদের সহায়তায় সরকারের এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি মজুরি বোর্ডের মাধ্যমে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ দিকে আবারও গোপালগঞ্জের পরিস্থিতির প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নিরীহ মানুষ বসবাস করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারসহ সবার দায়িত্ব। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করছে এবং মানুষের জীবন বিপন্ন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নিজেকে ক্ষুদ্র চিকিৎসক উল্লেখ করে তিনি বলেন, বিষফোড়া এক জায়গায় থাকতেই চিকিৎসা করতে হয়; এর পুঁজ রক্তে মিশে গেলে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। একইভাবে গোপালগঞ্জের পরিস্থিতি আরও ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নেওয়া জরুরি। ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা তৈরি হওয়ার পরও বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca