• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বিনা জামানতে তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের বাকি ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদনপ্রক্রিয়ায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে বিতরণ করা হবে।

কর্মসূচির আওতায় অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে। তবে অর্থায়ন পাওয়ার জন্য আবেদন করলেই অর্থ পাওয়া যাবে না। আবেদন যাচাই-বাছাইয়ের পর নির্ধারিত প্রক্রিয়ায় উদ্যোক্তা নির্বাচন করা হবে।

আগ্রহী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা ওই আবেদনপ্রক্রিয়ায় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

জেলাভিত্তিক আবেদনের হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে নেত্রকোণা থেকে। এ জেলা থেকে আবেদন করেন ৫ হাজার ৩৫১ জন। এ ছাড়া রংপুর থেকে ২ হাজার ৭৪৫টি, নওগাঁ থেকে ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহ থেকে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জ থেকে ১ হাজার ৫৫২টি, ভোলা থেকে ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জ থেকে ১ হাজার ৩৪৩টি এবং ফেনী থেকে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়ে।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির মূল লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করা এবং অর্থায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির আবেদন যাচাই ও উদ্যোক্তা নির্বাচনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, আগ্রহীরা যেকোনো বাণিজ্যিক ব্যাংকে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। ওই কমিটিতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও থাকবেন। কমিটির সুপারিশের ভিত্তিতে উদ্যোক্তা নির্বাচন করে অর্থায়ন করা হবে।

এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির বিস্তারিত নীতিমালা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট এবং এসএমই পোর্টালে প্রকাশ করা হয়েছে। আবেদন করতে আগ্রহীরা নির্ধারিত ফরম সংগ্রহ করে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca