• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জার্মানির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিও (এসপিডি) তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। নির্বাচিত হলে তিনিই হবেন জার্মানির প্রথম নারী রাষ্ট্রপ্রধান।

রোববার (৮ নভেম্বর) রাতে সিডিইউর শীর্ষ নেতাদের সঙ্গে এক নৈশভোজে আইগনারকে সমর্থনের সিদ্ধান্ত জানান মের্জ। পরদিন সোমবার (৯ নভেম্বর) দলটির নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন চূড়ান্ত করে। বাভারিয়াভিত্তিক রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য আইগনার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। সিডিইউর সঙ্গে সিএসইউর রাজনৈতিক জোট রয়েছে।

জার্মানির প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। দেশটির ‘ফেডারেল কনভেনশন’ নামের বিশেষ নির্বাচনী সংস্থা রাষ্ট্রপ্রধান নির্বাচন করে। এতে ফেডারেল পার্লামেন্টের সব সদস্যের পাশাপাশি ১৬টি অঙ্গরাজ্যের সমসংখ্যক প্রতিনিধি অংশ নেন। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্ষমতাসীন সিডিইউ, সিএসইউ ও এসপিডির সমর্থন থাকায় আইগনারের নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো। গ্রিন পার্টির মধ্যেও তাঁর প্রতি সমর্থন রয়েছে। ফলে নির্বাচনে জয়ী হলে জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে প্রথম নারী হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন। দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ২০২৭ সালের মার্চে তাঁর মেয়াদ শেষ হবে। জার্মানির সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

জার্মানির শাসনব্যবস্থায় প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক ও সাংবিধানিক। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি আইন অনুমোদন, মন্ত্রীদের আনুষ্ঠানিক নিয়োগ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখেন।

ইলসে আইগনারকে প্রেসিডেন্ট পদে প্রার্থী করা নিয়ে সিডিইউ ও সিএসইউর মধ্যে আগে কিছুটা মতপার্থক্য ছিল। চলতি বছরের শুরুতেই সিএসইউর পক্ষ থেকে তাঁর নাম প্রস্তাব করা হয়। তবে মের্জ প্রথম দিকে অন্য প্রার্থী বিবেচনা করায় সিডিইউর সমর্থন পেতে বিলম্ব হয়। এতে দুই মিত্র দলের সম্পর্কে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আইগনারের রাজনীতিতে পথচলা শুরু স্থানীয় পর্যায় থেকে। ১৯৯৮ সালে তিনি প্রথমবার জার্মানির ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে কেন্দ্রীয় রাজনীতি ছেড়ে বাভারিয়ার রাজনীতিতে ফিরে যান তিনি। ২০১৮ সালে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।

বর্তমানে ৬১ বছর বয়সী আইগনার নির্বাচিত হলে জার্মানির রাষ্ট্রপ্রধানের পদে নতুন ইতিহাস তৈরি হবে। দেশটির প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করা ১২ জন প্রেসিডেন্টই ছিলেন পুরুষ। তাই তাঁর সম্ভাব্য নির্বাচনকে জার্মানির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca