• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বিকাশের ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট, ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত হওয়ার পর ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টের কয়েকটিতে গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর দেখানো হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে কেন প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিকাশের প্ল্যাটফর্মে শনাক্ত হওয়া ৭ হাজারের বেশি অ্যাকাউন্টের মধ্যে কয়েকটিতে বয়সের অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বেশ কিছু অ্যাকাউন্টে অতিরিক্ত লেনদেনের তথ্যও রয়েছে। এসব অসংগতি থাকা সত্ত্বেও অ্যাকাউন্টগুলো সচল থাকায় কেওয়াইসি নির্দেশনা অনুসরণের বিষয়ে প্রশ্ন উঠেছে।

একজন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা জানান, সন্দেহজনক তথ্য থাকার পরও অ্যাকাউন্টগুলো চালু রয়েছে, যা বিএফআইইউর নির্দেশিকার লঙ্ঘন হতে পারে। এ বিষয়ে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী গত ৩ নভেম্বর বিকাশের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিএফআইইউর কেওয়াইসি নির্দেশনা ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেমেন্ট সেবা প্রদানকারীর জন্য প্রযোজ্য। গ্রাহকের পরিচয় যাচাই এবং সন্দেহজনক লেনদেন শনাক্তে এসব নির্দেশনা অনুসরণ করতে হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস প্রতিষ্ঠানকে নিয়মিত জরিমানা করা হয়। তবে সংশ্লিষ্ট আইন বা সার্কুলারে জরিমানার বিধান থাকতে হয়। নির্দিষ্ট আইনি বিধানের ভিত্তিতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

তিনি জানান, বিকাশের ক্ষেত্রে এখনো কোনো জরিমানা করা হয়নি। ব্যাখ্যা চাওয়া হয়েছে প্রাথমিক পদক্ষেপ হিসেবে। প্রতিষ্ঠানটির জবাব সন্তোষজনক কি না, তা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, মোবাইল আর্থিক সেবার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত কার্যক্রমের অভিযোগ রয়েছে। এসব কার্যক্রমের একটি অংশ ভুয়া বা সন্দেহজনক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে তাঁদের পর্যবেক্ষণ।

তবে বিকাশের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই গ্রাহকদের অ্যাকাউন্ট খোলা হয়। প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম জানান, গ্রাহক পরিচিতি যাচাইয়ের জন্য ই-কেওয়াইসি অথবা কাগজভিত্তিক কেওয়াইসি পদ্ধতি অনুসরণ করা হয়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ডেটাবেসে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে বায়োমেট্রিক তথ্য মিলিয়ে গ্রাহকের পরিচয় যাচাই করা হয়।

তিনি বলেন, ই-কেওয়াইসির ক্ষেত্রে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়। ফলে জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল তথ্য থাকলে তা অ্যাকাউন্টের তথ্যেও প্রতিফলিত হতে পারে। সংগৃহীত তথ্য পরিবর্তনের সুযোগ গ্রাহকের রয়েছে বলেও জানান তিনি।

বিকাশের এই কর্মকর্তা বলেন, ১০০ বছর বা তার বেশি বয়স দেখানো অ্যাকাউন্টগুলোর বড় একটি অংশে জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখের ভুলের কারণে এমন তথ্য এসেছে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীদের নির্বাচন কমিশনের ডেটাবেসে জন্মতারিখ সংশোধন করে বিকাশকে জানাতে বলা হয়েছে, যাতে তাঁদের কেওয়াইসি তথ্য হালনাগাদ করা যায়।

এ ছাড়া কাগজভিত্তিক কেওয়াইসি ফরমের কিছু তথ্য হাতে এন্ট্রি করার সময় জন্মসাল ভুল লেখার ঘটনা ঘটেছিল বলে জানান তিনি। তাঁর দাবি, অনিচ্ছাকৃত এসব ভুল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। আলোচিত অ্যাকাউন্টগুলোকে বর্ধিত গ্রাহক যাচাই বা ইডিডি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিকাশ লিমিটেড ব্র্যাক ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৮ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটি ২০ লাখ অ্যাকাউন্ট সক্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca