• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

পেট্রোবাংলার ৭৫৩ পদে নিয়োগে কোন পরীক্ষায় কত নম্বর, জানুন নীতিমালা

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডের ৭৫৩ পদে নিয়োগে কোন পরীক্ষায় কত নম্বর থাকবে, তা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ক্যাডারে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে পেট্রোবাংলা নিয়োগ নীতিমালা-২০১৬ অনুসরণ করা হবে। নিয়োগের পূর্ণাঙ্গ নীতিমালা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৭৫, শিক্ষাগত যোগ্যতায় ১৫ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর থাকবে। উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে প্রতিটি ক্যাডারে সর্বোচ্চ ছয়জনকে ১:৬ অনুপাতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তবে কোনো ক্যাডারে প্রার্থীর সংখ্যা দুইয়ের কম হবে না। প্রশাসন, অর্থ ও কারিগরি—প্রতিটি ক্যাডারের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হবে।

নীতিমালায় বলা হয়েছে, শীর্ষ পরীক্ষার্থীদের ফলাফল শুধু রোল নম্বরের ক্রমানুসারে প্রকাশ করা হবে। সেখানে মেধাক্রম, প্রাপ্ত নম্বর ও প্রার্থীর নাম উল্লেখ করা হবে না। ফলাফল পত্রিকা ও পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় সিলেকশন কমিটি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে। এরপর মেধাতালিকা ও প্রার্থীদের প্রতিষ্ঠানের পছন্দক্রম বিবেচনা করে পেট্রোবাংলা এবং এর কোম্পানিগুলোর শূন্য পদের বিপরীতে নিয়োগের সুপারিশ করা হবে। এ ক্ষেত্রে প্রথমে মেধাক্রম এবং পরে প্রতিষ্ঠানের পছন্দক্রমকে গুরুত্ব দেওয়া হবে।

কমিটির যাচাই ও সুপারিশের পর প্রার্থী তালিকা পেট্রোবাংলা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিতে পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, পেট্রোবাংলা ও এর কোম্পানিগুলোর প্রতিটি ক্যাডারের শূন্য পদ একত্র করে অপেক্ষমাণ তালিকা থেকেও পরবর্তী সময়ে নিয়োগের সুপারিশ করা যাবে। তবে কোনো প্রার্থী একটি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার পর অন্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য মাইগ্রেশনের সুযোগ পাবেন না।

লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর বিভাজন ক্যাডার অনুযায়ী আলাদা হবে। তাই সংশ্লিষ্ট পদের প্রার্থীদের নিয়োগ নীতিমালায় দেওয়া নির্দেশনা দেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

পেট্রোবাংলার এ নিয়োগে আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সূত্রঃ প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca