নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এক বিএনপি নেতার বসতবাড়ির ৬টি কক্ষ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি করছেন পরিবার । শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টাকুরাই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মন্ডলের দোতালা মাটির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিএনপি নেতা বাবু মন্ডল জানান, একই পরিবারে আমিও আমার ভাই সাহেব আলী বসবাস করি। শুক্রবার দুপুরে নামাজ শেষে খাওয়া-দাওয়া করছিলাম হঠাৎ করেই বাড়ির দোতালায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির ৬টি কক্ষে। আগুনের তীব্রতায় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। এতে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
তিনি আরো বলেন, দোতালায় ধান,চাল ড্রাম ভরা সরিষা, জমা জমির দলিল, নগদ তিন থেকে চার লক্ষ টাকা ছিল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।এতে আমাদের প্রায় ২০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এঅগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবার।
খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়। ফলে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি বলে জানান ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক।