ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি ভবনের একটি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি পিয়েল হাসান ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম। এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাহমিদসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুর রহিম বলেন, শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছেড়ে গেলেও তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বজায় থাকা প্রয়োজন। সংগঠনের সদস্যরা যেন যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ান, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ধরনের সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যে যেখানেই থাকুন না কেন, সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘মননে শিক্ষা অন্তরে ময়মনসিংহ’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।