• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল হাসান নুরুল মোল্লা কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

৩ লাখ ৩২ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ইউরোপের দেশ ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা। বিদেশি কর্মী নিয়োগের জন্য ২০২৭ ও ২০২৮ সালের কোটা নির্ধারণ করেছে দেশটির সরকার। এ দুই বছরে মোট ৩ লাখ ৩২ হাজার ৭০০ বিদেশি কর্মী নেওয়া হবে। কৃষি, পর্যটন, পরিবহন, পণ্য পরিবহন ও গুদামজাতকরণ, ধাতব শিল্প, খাদ্য উৎপাদন এবং পরিবার ও বয়স্কদের পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

ইতালির ২০২৬-২০২৮ সালের কর্মী নিয়োগ পরিকল্পনা বা ‘ডিক্রেতো ফ্লুসি’র আওতায় এ কোটা নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালের জন্য ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন রয়েছে।

২০২৭ সালের নির্ধারিত কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি বা নন-সিজনাল কাজে, ৮৯ হাজার জন কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য বরাদ্দ ৭৬ হাজার ২০০ জনের মধ্যে ১৪ হাজার জনের কোটা রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

অন্যদিকে, ২০২৮ সালের জন্য নির্ধারিত ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৯০ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজে নিয়োগ পাবেন।

তিন বছরের নিয়োগ পরিকল্পনায় ২০২৬ সালের জন্য ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটা নির্ধারিত ছিল। ফলে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে ইতালির। চলতি বছরের নির্ধারিত নিয়োগ প্রক্রিয়ার সময়সূচি পেরিয়ে যাওয়ায় এখন আগ্রহীদের নজর ২০২৭ ও ২০২৮ সালের সুযোগের দিকে।

আবেদন করবেন যেভাবে

ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ প্রক্রিয়ায় আবেদন করার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, কোনো বাংলাদেশি বা অন্য দেশের নাগরিক সরাসরি নিজে আবেদন করে কোটা থেকে চাকরি নিশ্চিত করতে পারবেন না। প্রথমে ইতালির একজন বৈধ নিয়োগকর্তাকে কর্মী নিয়োগে আগ্রহী হতে হবে এবং তাঁর পক্ষ থেকেই কাজের অনুমতিপত্রের আবেদন করতে হবে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টালের মাধ্যমে এ আবেদনপ্রক্রিয়া পরিচালিত হয়। ২০২৭ সালের নিয়োগের জন্য ২০২৬ সালের ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আবেদনপত্রের প্রাথমিক তথ্য পূরণ বা প্রি-কম্পাইল করার কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায় চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। নিয়োগকর্তা নিজে অথবা অনুমোদিত পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের সহায়তায় আবেদনপত্র প্রস্তুত করতে পারবেন।

প্রাথমিক তথ্য পূরণের পর নির্ধারিত ‘ক্লিক ডে’ বা আবেদন পাঠানোর দিনে চূড়ান্তভাবে আবেদন জমা দিতে হবে। ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কৃষি খাতের মৌসুমি কাজের আবেদন পাঠানোর দিন ১২ জানুয়ারি ২০২৭। পর্যটন খাতের মৌসুমি কাজের জন্য ৯ ফেব্রুয়ারি, নির্ধারিত খাতের অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যা খাতের জন্য ১৮ ফেব্রুয়ারি আবেদন পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে।

আবেদনের ক্ষেত্রে কর্মীর পরিচয় ও পাসপোর্টের তথ্য, চাকরির প্রস্তাব এবং নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়। নিয়োগকর্তার আবেদন অনুমোদিত হলে কর্মীর জন্য কাজের অনুমতিপত্র বা নুল্লা ওস্তা (Nulla Osta) পাওয়ার পর ভিসার প্রক্রিয়া এগোবে। তবে নিয়োগকোটা নির্ধারিত থাকা মানেই ভিসা নিশ্চিত নয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ভিসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষ ও দূতাবাস।

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রকল্পও নেওয়া হয়েছে ইতালির পক্ষ থেকে। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে।

রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, ইতালির প্রতিষ্ঠানগুলো প্রথমে তাদের কী ধরনের কর্মী প্রয়োজন এবং তাঁদের কী কী দক্ষতা থাকা দরকার, তা জানাবে। এরপর সেই চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অর্থাৎ, প্রশিক্ষণের বিষয় ও ধরন নির্ধারিত হবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কর্মী চাহিদা অনুযায়ী।

প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ

ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কার বিষয়েও সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রদূত। তাঁর পরামর্শ, কর্মী পাঠানোর নামে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সি অর্থ দাবি করলে সতর্ক থাকতে হবে। নিয়োগপ্রক্রিয়ায় মধ্যস্থতার নামে অর্থ লেনদেনের সুযোগ নেই বলে তিনি জানিয়েছেন। এ ধরনের লেনদেনের কারণে ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।

আগ্রহীদের নিয়োগ ও আবেদনসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল, ইতালি দূতাবাস এবং বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্দেশনা অনুসরণ করতে হবে। বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ভিসার আবেদন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca