• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পের ক্ষতি কত, হিসাব করছে বিজিএমইএ

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চলমান শ্রমিক আন্দোলনে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে জরিপ শুরু করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ জন্য সদস্য কারখানাগুলোর কাছে চলতি মাসের প্রথম ১৮ দিনের উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ বাতিল, আকাশপথে পণ্য পাঠানোর অতিরিক্ত ব্যয়, ছাড় দিয়ে পণ্য বিক্রি এবং কারখানার সম্পদের ক্ষতিসহ বিভিন্ন তথ্য চেয়েছে সংগঠনটি।

গত বুধবার সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য চেয়েছে বিজিএমইএ। চিঠিতে ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, এসব তথ্যের ভিত্তিতে শিল্পের সামগ্রিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন, নীতিগত সহায়তার সুপারিশ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

বিজিএমইএর চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক কারখানার স্বাভাবিক উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে আর্থিক ক্ষতি, রপ্তানি আদেশ বাতিল বা কমে যাওয়া, অতিরিক্ত ব্যয় এবং কারখানার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

জরিপের অনলাইন ফরমে কারখানার বার্ষিক রপ্তানি মূল্য, শ্রমিকসংখ্যা, কত দিন উৎপাদন ব্যাহত হয়েছে, উৎপাদন ক্ষতির আর্থিক মূল্য ও পরিমাণ এবং উৎপাদন না হলেও শ্রমিকদের মজুরি বাবদ ব্যয়ের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদনের ঘাটতি পূরণে অতিরিক্ত ওভারটাইমের সম্ভাব্য ব্যয়, বাতিল হওয়া রপ্তানি আদেশের মূল্য, আকাশপথে পণ্য পাঠানোর অতিরিক্ত ব্যয় এবং ছাড় দিয়ে পণ্য বিক্রির পরিমাণ জানতে চেয়েছে সংগঠনটি।

এ ছাড়া আগের মৌসুমের তুলনায় নতুন রপ্তানি আদেশ কম পাওয়ার পরিমাণ, কারখানার ভবন, যন্ত্রপাতি ও স্থাপনার ক্ষতি এবং অন্যান্য আর্থিক ক্ষতির হিসাবও দিতে বলা হয়েছে।

ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। দাবি আদায়ে মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে। ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। তবে মালিকপক্ষ তখনো তাদের প্রস্তাব দেয়নি। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানানো হয়েছে।

মজুরি বোর্ড গঠনের পরও শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত বুধবার ৩৯৯টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। এর পরদিন সাভার-আশুলিয়া, গাজীপুর ও ঢাকার মিরপুরে ৩৪১টি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে।

এসব কারখানার মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল ১৯৪টি কারখানা। এর মধ্যে গাজীপুরে ১২২টি, সাভার-আশুলিয়ায় ৪০টি এবং মিরপুরে ৩২টি কারখানা রয়েছে। এ ছাড়া ওই দিন ১৪৭টি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে।

সূত্রঃ প্রথমআলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca