• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয় ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা পাকিস্তানে কমল পেট্রোলের দাম শীতের ছোঁয়ায় বদলে যাচ্ছে নোবিপ্রবি, ক্যাম্পাসজুড়ে অন্যরকম আমেজ রিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির নাচোলে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত আইসিজের রায়ে রোহিঙ্গাদের আশা, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে জন্ম-মৃত্যু সনদ, বিপাকে ইউপি চেয়ারম্যান

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে পূজা রানী নামের এক নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক ও সাবেক কর্মস্থলের সচিব মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূজা রানী নামের ওই নারীকে ইউনিয়নের কেউ চেনেন না বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। আবেদনপত্রে তাঁর ঠিকানা ‘শংকর ঘোষ’ গ্রাম উল্লেখ করা হয়েছে। তবে গ্রামবাসীর দাবি, গত ২০ বছরে ওই গ্রামে কোনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না। এ ছাড়া নিবন্ধনে ওই নারীর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ দেখানো হলেও অনলাইনে যাচাই করে তাঁদের মূল ঠিকানা বরিশাল ও পটুয়াখালীতে পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার বলেন, তাঁর জানা মতে, পূজা রানী নামে ওই গ্রামে কোনো মেয়ে নেই। শংকরঘোষ-ভারেরা ৯ নম্বর ওয়ার্ডে কোনো হিন্দু অধ্যুষিত পরিবারও নেই।

শংকর ঘোষ গ্রামের বাসিন্দা মাসুদ উদ্দিনের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও সচিবের সহায়তায় অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন দিয়ে আসছে। তাঁর অভিযোগ, কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা কিংবা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা রোহিঙ্গারা এসব সনদ ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করছেন এবং বিদেশে যাচ্ছেন। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও আগে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

এদিকে অভিযোগ সামনে আসার পর ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একে অপরের ওপর দায় চাপিয়ে অভিযোগ অস্বীকার করেছেন।

ইউনিয়ন আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ বলেন, সনদটি কীভাবে ইস্যু হয়েছে, তা তিনি জানেন না। তবে নিবন্ধনের পাসওয়ার্ড মাঝেমধ্যে তাঁর কাছে থাকে বলে স্বীকার করেন তিনি।

সাবেক কর্মস্থলের ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর মুঠোফোনে জানান, তিনি তিন দিনের প্রশিক্ষণে মধুপুরে অবস্থান করছেন। কাগজপত্র না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

অভিযোগ অস্বীকার করে গোসাইপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদ বলেন, ঘটনাটি জানার পরপরই ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন দুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সূত্র:আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca