নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির উদ্যোগে সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিরুল ইসলাম, বিএনপি নেতা আজিজুর রহমান, শিমুল, রিপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ এর নেতৃত্বে জেলা পরিষদ ডাক বাংলো থেকে শতাধিক মোটর সাইকেল নিয়ে নাচোল বাসস্ট্যান্ড হয়ে
থানাপাড়া, মাস্টারপাড়া, উপজেলা বাজার, হয়ে মোমিনপাড়া, শিমুলতলা, শ্রীরামপুর, স্টেশনবাজার, মধ্য বাজার হয়ে পুনরায় ডাকবাংলোয় এসে শোডাউনটি শেষ হয়। শোডাউনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যকর কর্মকাণ্ড চালানো হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।
তারা আরও বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে এ জাতীয় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হলে দেশের জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে তা মোকাবেলা করা হবে। বিএনপির জনগণের রাজনীতি করে তাই জনগণের জানমালের নিরাপত্তা সরকার দিবে। মোটরসাইকেল শোডাউনটি নাচোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।