• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সংরক্ষিত একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। মৃত্যুর ২২৭ বছর পরও যুক্তরাষ্ট্রের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট এই স্মারকের প্রতি সংগ্রাহকদের আগ্রহের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

চুলগুলো একটি ফ্রেমে বাঁধাই করা ছিল। সম্প্রতি রিচমন্ড অকশনস নামের একটি নিলাম প্রতিষ্ঠানের আয়োজনে এগুলো বিক্রি হয়। তবে নতুন ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চুলগুলো একসময় জন গ্যাডসবির কাছে সংরক্ষিত ছিল। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে জর্জ ওয়াশিংটনকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন তিনি। পরে গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে চুলগুলো সংগ্রহ করেন জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক।

তবে ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দাম নয়। ২০২১ সালে তাঁর মৃত্যুর কাছাকাছি সময়ে অথবা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা তিনটি চুল একটি লকেটে সংরক্ষিত অবস্থায় প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

১৭৯৯ সালে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরে বসবাস করতেন জন গ্যাডসবি। তাঁর নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক বিবৃতিতে জানান, মৃত্যুর কিছুদিন আগে তাঁর দাদা জর্জ ওয়াশিংটনকে রাতের খাবারে আপ্যায়ন করেছিলেন। ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ সময়ের ঘনিষ্ঠতার স্মারক হিসেবে তিনি চুলগুলো সংরক্ষণ করেছিলেন।

ম্যাকব্লেয়ারের ভাষ্য অনুযায়ী, তাঁর দাদা চুলগুলো ফ্রেমে বাঁধাই করে নিজেদের বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে ঝুলিয়ে রেখেছিলেন। ছোটবেলা থেকেই তিনি সেখানে চুলগুলো দেখে আসছেন।

রিচমন্ড অকশনসের তথ্য বলছে, ১৭৯৮ ও ১৭৯৯ সালে জর্জ ওয়াশিংটনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দুটি অনুষ্ঠানেও অতিথিদের আপ্যায়ন করেছিলেন গ্যাডসবি।

জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আমেরিকান সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। দেশটির সংবিধান প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৭৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন ওয়াশিংটন। দুই মেয়াদ দায়িত্ব পালনের পর ১৭৯৭ সালে তিনি ক্ষমতা ছাড়েন।

ওয়াশিংটনের ব্যবহৃত এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক এখনো সংরক্ষিত রয়েছে। তাঁর চুলের অন্তত ৫০টি নমুনা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত সাবেক বাসভবন মাউন্ট ভার্ননের সংগ্রহে রাখা আছে। বর্তমানে বাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মাউন্ট ভার্ননের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, উনিশ শতকে প্রিয়জনের চুল সংরক্ষণ করে প্রদর্শনের প্রচলন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। তবে জর্জ ওয়াশিংটনের মতো বিত্তশালী পরিবারগুলোর মধ্যে এর প্রচলন আরও আগে থেকেই ছিল।

এদিকে ওয়াশিংটনের চুল ছাড়াও তাঁর ব্যবহৃত বিভিন্ন স্মারক নিলামে উল্লেখযোগ্য দামে বিক্রি হয়েছে। গত জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তাঁর স্বাক্ষরিত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে সৈন্য চেয়ে চিঠিটি লেখা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca