জামালপুরের একটি গ্রামে ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যকে আদালতের মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত এসআই আনোয়ার হোসেনের বিচার ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তবে এসআইয়ের দাবি, জমি নিয়ে বিরোধের কারণে তিনি আদালতে মামলা করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে জামালপুর সদর উপজেলার ১২ নম্বর তিতপল্লা ইউনিয়নের চরশী খলিফাপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত এসআই আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আতাউর রহমান আতাবালীর ছেলে। বর্তমানে তিনি নওগাঁর বদলগাছী থানায় কর্মরত।
এলাকাবাসীর অভিযোগ, গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যকে বিবাদী করে জামালপুর জজ আদালতে একটি বাঁটোয়ারা মামলা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে মাওলানা ওবায়দুর রহমানের জমি দখলের চেষ্টা, ফসল নষ্টের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগও করেছেন তাঁরা।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী মমতা বেগম বলেন, গ্রামের ২০৮টি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন আনোয়ার দারোগা। এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি প্রশ্ন তোলেন, তাঁকে কেন মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
এলাকার বাসিন্দা শহীদ অভিযোগ করেন, তাঁদের এলাকার ছোট-বড়, নারী-পুরুষ—সব বয়সী মানুষকে মামলায় জড়ানো হয়েছে। তাঁর দাবি, প্রতিবাদ করলে তাঁর বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ সময় তিনি অভিযুক্ত এসআইয়ের বিচার দাবি করেন।
তিতপল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হানি শেখ বলেন, তাঁদের এলাকার ছেলে আনোয়ার দারোগা হয়ে গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারকে মামলায় জড়িয়েছেন। তাঁকেও গালিগালাজ ও অপপ্রচার চালিয়ে মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এত মানুষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সরকারের কাছে অনুরোধ জানান এই ইউপি সদস্য।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই আনোয়ার হোসেন। তাঁর দাবি, মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের মূলত ভাড়া করে আনা হয়েছে। তিনি বলেন, ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে তাঁর জমি দখল করে ভোগদখল করে আসছেন। সম্পত্তি নিয়ে বিরোধের কারণে আদালতে বাঁটোয়ারা মামলা করেছেন তিনি। এলাকার আরও কয়েকজন তাঁদের সম্পত্তি দখল করে রেখেছেন বলেও দাবি করেন এসআই।