• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের আহ্বান ৫৩ দেশ ও সংস্থার নিলামে প্রায় ৫ মিলিয়ন ডলারে বিক্রি রুশ রাজপরিবারের ব্রেসলেট হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহতের দাবি সেনাবাহিনীর ইয়েমেনে সংঘাতে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজার মানুষ ৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন ফোন হেলিও ১৫০, দাম কত? অভিষেকেই আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার, নাস্তানাবুদ ইংল্যান্ড কালশির উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সৌদির নিরাপত্তায় প্রয়োজনে সব প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে পাকিস্তান

পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে লাখো মানুষ

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের কবলে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সমস্যায় আউটলুক, মাইক্রোসফট ৩৬৫, টিমসসহ প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিভিন্ন সেবা ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। তবে বিপর্যয়ের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেবাগুলোর কার্যক্রম।

শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মাইক্রোসফটের বিভিন্ন সেবায় সমস্যা দেখা দিলে ডাউনডিটেক্টরে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী অভিযোগ জানান।

ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটও এ বিপর্যয়ের আওতায় পড়ে। ফলে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে এসব সেবার ওপর নির্ভরশীল ব্যবহারকারীরা সমস্যায় পড়েন।

পরবর্তী সময়ে অভিযোগের সংখ্যা কমে প্রায় ১৩ হাজারে নেমে এলেও অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো ও গ্রহণ এবং ইনবক্স খুলতে সমস্যার কথা জানান।

মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির প্রাথমিক ধারণা, সার্ভারের কারিগরি ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে।

মাইক্রোসফট জানায়, তাদের অবকাঠামোর বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এর ফলে বিভিন্ন সেবায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পুনরায় চালু করা সার্ভারগুলো বর্তমানে স্থিতিশীল রয়েছে। বাকি সার্ভারগুলো সচল করার পাশাপাশি বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে সেবা চালু রাখার চেষ্টা চলছে। সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা ধীরে ধীরে স্বাভাবিক সেবা ফিরে পাবেন।

মাইক্রোসফটের এ বিপর্যয়ের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের সেবাতেও। মাইক্রোসফটের সংযোগ ব্যবস্থায় সমস্যার কারণে নতুন সংযোগ তৈরি এবং কিছু প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহারে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ওপেনএআই। একই ধরনের সমস্যার কথা জানিয়েছে অ্যানথ্রপিকও।

অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরি মনে করেন, মাইক্রোসফটের নেটওয়ার্ক ব্যবস্থায় ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়লে বাকি সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। একপর্যায়ে সেগুলোও অকার্যকর হয়ে পড়তে পারে। এভাবে একটি সমস্যা ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নেটওয়ার্কের বিন্যাস ও পরিচালনাসংক্রান্ত পরিবর্তন কার্যকর করার আগে যথাযথ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ক্লাউড সেবার ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

এর আগে গত মাসেও মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছিল। সে সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির একাধিক সফটওয়্যার ও সেবার কার্যক্রম ব্যাহত হয়। পরপর এমন বিপর্যয় বড় প্রযুক্তি অবকাঠামোর নির্ভরযোগ্যতা ও বিকল্প ব্যবস্থা রাখার গুরুত্ব আবারও সামনে এনেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca