• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন মাঠজুড়ে পাকা আমন ধান, সোনালি ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হার ঊর্ধ্বমুখী হওয়ায় আবারও চাপে পড়েছে ভারতীয় রুপি। শুক্রবার (১৩ নভেম্বর) ডলারের বিপরীতে মুদ্রাটির দর কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে ভারতের শেয়ার ও বন্ডবাজারেও দরপতন দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ৯৪ দশমিক ১৫৭৫-এ নেমে আসে। আগের কার্যদিবসের তুলনায় মুদ্রাটির দর কমেছে শূন্য দশমিক ১ শতাংশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হারও বেড়েছে। এতে ডলারের অবস্থান শক্তিশালী হয়েছে এবং ভারতীয় মুদ্রার ওপর চাপ তৈরি হয়েছে।

বাজারে আশঙ্কা রয়েছে, আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। এমনকি কোনো কোনো বিনিয়োগকারী ৫০ ভিত্তি পয়েন্ট পর্যন্ত সুদ বাড়ানোর সম্ভাবনাও বিবেচনায় রাখছেন। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়ায় সুদের হার নিয়ে এই প্রত্যাশা তৈরি হয়েছে।

এর প্রভাব পড়েছে ভারতের আর্থিক বাজারেও। শুক্রবার দেশটির সরকারি বন্ডের মুনাফার হার ৭ ভিত্তি পয়েন্ট বেড়েছে। একই সময়ে ভারতের প্রধান শেয়ারসূচক নিফটি ৫০ কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও রুপির ওপর চাপ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমিত হওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলোতে তা দুর্বল হয়েছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুতিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে তেলবাহী ট্যাংকারে আক্রমণের ঘটনায় সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে।

শুক্রবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৪ ডলারে লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল।

তবে চলতি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত রাখায় রুপি কিছুটা সমর্থন পেয়েছে। তারপরও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জ্বালানি তেলের উচ্চমূল্য ভারতের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।

ভারত তার মোট চাহিদার প্রায় ৯০ শতাংশ জ্বালানি তেল আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশটির আমদানি ব্যয়ও বেড়ে যায়। এতে ডলারের চাহিদা বাড়ার পাশাপাশি রুপির ওপর আরও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়া এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ার ঝুঁকিও রয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca