• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দীর্ঘ ১৩ মাস পর দুই লাখের নিচে সোনার দাম, আজ থেকে কার্যকর

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে সোনার দামে টানা পতন অব্যাহত রয়েছে। সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে দীর্ঘ প্রায় ১৩ মাস পর আবারও দুই লাখ টাকার নিচে নেমেছে সোনার ভরি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা কমেছে সোনার দাম।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং দেশের বাজারের জন্য নতুন দাম নির্ধারণ করে। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

সর্বশেষ এই দাম সমন্বয়ের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca