ছয় মাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে ফাটল দেখা গেছে। রাস্তার পাশের জমি ভালভাবে ভরাট না করে তড়িঘরি করে ঘর গুলো নির্মাণ করায় ঘরের দেয়ালে ফাটল ধরেছে। উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের ১৩ টি ঘরের মধ্যে ২ টি ঘরে ফাটল ধরেছে। বাকি ১১টি ঘরে ফাটল না ধরলেও সে ঘরগুলোতে বসবাসরত লোকেরা আতঙ্কে জীবন যাপন করছে। তবে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা খুব শিগগিরই ওই ঘর গুলো মেরামতের কাজ করবে বলে আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে বসবাসরত বাসিন্দারা।
ভোলাহাট উপজেলা সুত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর ঘর গুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
প্রথম দফায় চলতি বছরের ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩১৯ টি ঘর উদ্বোধন করেছেন। যার মধ্যে ভোলাহাট উপজেলা বরাদ্দ পেয়ে ১৫৭ টি ঘর।
উপকারভোগীরা অভিযোগ করে বলেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়ছেন আমরা খুশি। আমাদের ঘরগুলো রাস্তার পাশের ডোবা জায়গায় বালিমাটি ভরাট করে নির্মাণ করা হয়েছে। ভরাট মাটিগুলো আষাঢ়ে বৃষ্টি হওয়ায় দেবে যাচ্ছে,যার কারণেই ঘরগুলোতে ফাটল দেখা দিচ্ছে। ঘর নির্মাণের সময় নিম্ন মানের সিমেন্ট ব্যবহার করায়, হালকা বাতাস হলেই ঝুড়-ঝুড়া হয়ে সিমেন্ট আর বালু ঝড়ে পড়ছে।
অন্যদিকে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল জানান; গোহালবাড়ী এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে ফাটল ধরার কথা শুনে সরজমিনে পরিদর্শন করেছি। ওই ঘরে ফাটল ধরেনি মাটির কারণে হালকা দাগ পড়েছে। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে ওই ঘরগুলো খুব দ্রুত মেরামত করার আদেশও দিয়েছি।