জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রকৌশলীদের সংগঠন ‘বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ’ জেলা শাখা। সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও গতকাল বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা আহবায়ক প্রকৌশলী মোঃ মেহদী হাসান।
আইডিইবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী ফিরোজ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোঃ রকিবুল ইসলাম ও প্রকৌশলী মোঃ আবুল খায়েরসহ অন্যরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,আইডিইবি, জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোঃ আহসানুল হক, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী ভবতোষ রায়, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সগন এবং জেলার বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা, চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্স ৩ বছরে রুপান্তরিত করা, বিএনবিসি বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী ধারা-উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা উন্নীতকরণ এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নুন্যতম বেতন ও পদবী নির্ধারন করা ও পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক বৃদ্ধি, শ্রেণিকক্ষ ও ল্যাব স্থাপন, শিক্ষকদের পদোন্নতি ও সম্মানিভাতা প্রদান, শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন ভাতা প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং ২৯টি ইমাটিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থাকরণ সহ নানাবিধ দাবি তুলে ধরে তা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
অন্যথায় সারাদেশের ডিপ্লোমা পাস ইঞ্জিনিয়ারগণ, ছাত্র ও শিক্ষকমন্ডলীগণ দাবি বাস্তবায়নের লক্ষ্যে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।