‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। ফলে এখন থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।
তবে ২০২৬ সালে ৭ নভেম্বর শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। এ কারণে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা করে বাড়তি ছুটি ভোগের সুযোগ থাকছে না। অর্থাৎ দিবসটি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হলেও চলতি বছরে সাপ্তাহিক ছুটির বাইরে নতুন কোনো ছুটি যুক্ত হচ্ছে না।
এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে এ অন্তর্ভুক্তির সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে ভবিষ্যতে দিনটি কর্মদিবসে পড়লে সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ভোগ করতে পারবেন।