পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের জন্য জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। ভাড়াটিয়ার মাধ্যমে কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য বাসায় অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, তাঁদের বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা যদি নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকেন অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করেন, তাহলে দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে।
এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি দ্রুত প্রশাসনকে না জানালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘শ্রমিকদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’
গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। বিশেষ করে কালিয়াকৈর এলাকায় আন্দোলনের প্রভাব বেশি পড়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।