ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম জোরদার করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে প্রতিদিনের সমাবেশে পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়।
চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সভাপতি আহমদ সোহেল মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ২০টি অঞ্চলের অঞ্চলভিত্তিক কমিটির টিম লিডাররা অংশ নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক শ্রেণি শাখার শিক্ষার্থী প্রতিনিধি এবং বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যদের সমন্বয়ে পরিচ্ছন্নতা কমিটি গঠন করতে হবে। একইভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার জন্য এসব শিক্ষার্থী প্রতিনিধি ও সংগঠনের সদস্যদের নিয়ে আলাদা সবুজায়ন কমিটি গঠন করতে বলা হয়েছে।
এ ছাড়া প্রতিদিনের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির বার্তাও দিতে হবে।