বলিউডের বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে অভিনয়ের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন দক্ষিণী তারকা যশ। শুধু পোশাকই নয়, চরিত্রের রাজকীয় সাজ ফুটিয়ে তুলতে তাঁকে মাথায় পরতে হয়েছে ১ দশমিক ৮ কেজি ওজনের মুকুট। সিনেমাটির কস্টিউম ডিজাইনারের দেওয়া তথ্য সামনে আসার পর যশের সাজসজ্জা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির কস্টিউম ডিজাইনার সানিয়া সারধারিয়া জানিয়েছেন, রাবণের চরিত্রে যশের অধিকাংশ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। এর সঙ্গে ছিল ভারী গয়না ও অন্যান্য অনুষঙ্গ। তবে বিশেষ কিছু দৃশ্যের জন্য আরও ভারী পোশাক তৈরি করা হয়েছিল।
লঙ্কা, রাবণের বিয়ে এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানের দৃশ্যগুলোর জন্য তৈরি পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি। ফলে এসব দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়াতে যশকে প্রায় ৩৩ কেজি ওজনের পোশাক বহন করতে হয়েছে।
রাবণের মুকুট তৈরিও ছিল নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘ সময় শুটিংয়ের সময় অভিনেতার মাথায় মুকুটটি রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এর ওজন কমানোর চেষ্টা করেন ডিজাইনাররা। নকশা চূড়ান্ত করার আগে একাধিক ত্রিমাত্রিক নমুনা তৈরি করা হয়। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মুকুটটির ওজন কমিয়ে ১ দশমিক ৮ কেজিতে আনা হয়। এর চেয়ে হালকা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সানিয়া সারধারিয়া।
এত ভারী পোশাক ও মুকুট পরে শুটিং করা যশের জন্য শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। পোশাকের ওজনের কারণে তাঁর চলাফেরাও কিছুটা সীমিত হয়ে পড়ত। তবে পুরো বিষয়টি হাসিমুখেই সামলেছেন অভিনেতা। পোশাকের ধারালো অংশ নিয়ে সহকর্মীদের সঙ্গে মাঝেমধ্যে মজাও করতেন তিনি।
নিতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। নমিত মালহোত্রা প্রযোজিত সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার।
সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস