• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০ গোদাগাড়ী থানায় চাঞ্চল্যকর”সিহাব রানা “

ঠাকুরগাঁওয়ে বাড়ছে শিশু রোগী, ৪৫ শয্যায় ভর্তি ১৫৪, মেঝেতেও ঠাঁই নেই

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট, ৪৫ শয্যায় ভর্তি ১৫৪ শিশু
মেঝেতে রেখে চলছে চিকিৎসা, একই শয্যায় একাধিক শিশু; ওষুধ ও চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কেনার অভিযোগ
ঠাকুরগাঁও: অসুস্থ সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে অপেক্ষা করছেন অভিভাবকেরা। কারও শিশুর জ্বর, কারও সর্দি-কাশি, আবার কেউ ভুগছে শ্বাসকষ্টে। চিকিৎসার জন্য হাসপাতালে এসেও স্বস্তি মিলছে না তাদের। শিশু ওয়ার্ডে শয্যা সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে। কোথাও একই শয্যায় একাধিক শিশুকে রাখার অভিযোগও উঠেছে। এর মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর কিছু উপকরণ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে এমন পরিস্থিতি। ওয়ার্ডটিতে শয্যা রয়েছে ৪৫টি। অথচ বর্তমানে ভর্তি রয়েছে ১৫৪ শিশু। অর্থাৎ নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা তিন গুণেরও বেশি। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন শিশুদের স্বজনেরা।
হাসপাতাল ঘুরে দেখা যায়, ওয়ার্ডের ভেতরে শয্যা সংকট থাকায় অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর পাশাপাশি স্বজনদের উপস্থিতিতে ওয়ার্ডে তৈরি হয়েছে বাড়তি চাপ। এতে শিশুদের চিকিৎসা নেওয়ার পরিবেশ ও স্বজনদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুরা।
সন্তানকে নিয়ে হাসপাতালে আসা নাজমুল বলেন, ‘সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছি চিকিৎসার জন্য। কিন্তু ওয়ার্ডে এত রোগী যে ঠিকমতো শয্যা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেক কষ্ট করে থাকতে হচ্ছে। শিশু অসুস্থ, তার ওপর এভাবে হাসপাতালে থাকতে হচ্ছে, এটা খুবই কষ্টের।’
আরেক অভিভাবক অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এলেও অনেক ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে নিম্ন আয়ের পরিবারগুলোকে বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে হঠাৎ করে সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শিশু ওয়ার্ডের পরিবেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন অভিভাবকেরা। লাকি আক্তার নামের এক নারী বলেন, ওয়ার্ড ও আশপাশের পরিবেশ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। একই জায়গায় অনেক শিশু থাকায় সংক্রমণের ঝুঁকি নিয়েও তারা চিন্তিত। সন্তান অসুস্থ হলে এমনিতেই অভিভাবকেরা দুশ্চিন্তায় থাকেন। এর মধ্যে চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে উদ্বেগ আরও বেড়ে যায়। রোগীর চাপ বিবেচনায় দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে ভোগান্তি অনেকটাই কমবে।
আরেক অভিভাবক জানান, সন্তানের চিকিৎসার জন্য বাইরে থেকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী কিনতে গিয়ে অনেক সময় ধারদেনা করতে হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও উপকরণ পাওয়া গেলে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য চিকিৎসা নেওয়া সহজ হতো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো রোগের প্রকোপ বাড়ছে। পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরাও হাসপাতালে আসছে। আবহাওয়ার তাপমাত্রার ওঠানামার কারণে শিশুরা তুলনামূলক বেশি অসুস্থ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হায়দার শাহীন বলেন, ঋতু পরিবর্তনের সময় শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের প্রকোপ বাড়ে। তাপমাত্রার পরিবর্তনের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ সময়ে অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হতে হবে। শিশুদের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ পানি ও পুষ্টিকর খাবার দিতে হবে। জ্বর, শ্বাসকষ্ট কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগীর চাপ বেড়েছে। সীমিত শয্যা ও জনবল দিয়ে অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। চিকিৎসক ও নার্সের সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca