আমি বিশ্বাস করি, শিক্ষার কোনো জেন্ডার নেই’—এমন মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য ভিন্নভাবে প্রচার করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা অনলাইন আছে, আমার বক্তব্য ভিন্নভাবে প্রচার করেছে। এই হলো আমাদের গণমাধ্যমের অবস্থা।’
শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন।
কারিকুলাম পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কারিকুলাম পরিবর্তনের কথা বলা হয়েছে। বিদেশের শিক্ষাব্যবস্থা দেখার সুযোগ থাকলে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যেত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমাদের ল্যাপটপ থাকতো তাহলে বিদেশের শিক্ষা ব্যবস্থা দেখতে পারতেন। তাহলে বুঝতে পারতেন।’
আগামী দিনের বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আগামীর বাংলাদেশ পাওয়ার জন্য কাজ করছি। আমাদের প্রধানমন্ত্রী মরিয়া হয়ে এ জন্য কাজ করছেন। যদি কেউ শিক্ষকদের উন্নয়নের চিন্তা না করে তাহলে তাকে কি আপনারা মন্ত্রিত্ব দিতেন?’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন), কোর্স উপদেষ্টা এবং কেন্দ্রীয় মূল্যায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর প্রিম রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। স্বাগত বক্তব্য দেন ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক প্রফেসর ড. নাসিমা খান।