• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস আজ বিশ্ব ডায়াবেটিস দিবস তাহিরপুরে অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ গ্রেপ্তার ১ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন ১৯ বছর ধরে বেড়িবাঁধে মেয়ের অপেক্ষায় রেবা বেগম, সিডরে হারানো রহিমার ফেরার আশায় কাটে দিন সাগরে লঘুচাপ সৃষ্টি, আগামী দুই দিন আবহাওয়া যেমন থাকবে রমজানের আগে নতুন টিসিবি ডিলার নিয়োগ, ঘরে বসেই করা যাবে আবেদন

১৯ বছর ধরে বেড়িবাঁধে মেয়ের অপেক্ষায় রেবা বেগম, সিডরে হারানো রহিমার ফেরার আশায় কাটে দিন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছে স্বামী, বসতভিটা ও জীবনের সব স্বাভাবিকতা। কিন্তু আট বছর বয়সী ছোট মেয়ে রহিমাকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন রেবা বেগম (৬৭)। ১৯ বছর ধরে বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধে বসে মেয়ের ফেরার অপেক্ষা করছেন তিনি। তাঁর বিশ্বাস, একদিন মেয়ে ফিরে এসে ‘মা’ বলে জড়িয়ে ধরবে। সেই আশাতেই বেড়িবাঁধ ছেড়ে অন্য কোথাও চলে যাননি এই বৃদ্ধা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদের পাশের বেড়িবাঁধে বসে থাকতে দেখা যায় রেবা বেগমকে। একা বসে থাকা এই বৃদ্ধার সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে তাঁর জীবনের এক বেদনাবিধুর অধ্যায়।

একসময় সচ্ছল গৃহস্থ ছিলেন রেবা বেগমের স্বামী নুর ইসলাম তালুকদার। বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল তাঁদের বড় বসতবাড়ি ও কৃষিজমি। ভালোই চলছিল সংসার। সিডরের রাতে আশপাশের অনেক মানুষ তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ জলোচ্ছ্বাস শুরু হলে প্রাণ বাঁচাতে সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। বেড়িবাঁধে ওঠার পর প্রবল স্রোতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাঁরা।

স্রোতের তোড়ে ভেসে যেতে যেতে রেবা বেগম মেজো মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন আশ্রয়কেন্দ্রের কাছে পৌঁছান। পরে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধার করেন।

রেবা বেগম জানান, তাঁর তিন মেয়ের মধ্যে বড় মেয়ে রুমা খাতুনকে পরদিন সকালে একটি গাছের ডাল থেকে উদ্ধার করা হয়। তিনি বেঁচে গেলেও স্বামী নুর ইসলাম ও ছোট মেয়ে রহিমা নিখোঁজ ছিলেন। তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকায় স্বামীর মরদেহ পাওয়া যায়। কাফনের কাপড় ও লোকবলের অভাবে ছয় দিন পর স্বামীর মরদেহ মাটিচাপা দিতে বাধ্য হন তিনি। কিন্তু ছোট মেয়ে রহিমার আর কোনো খোঁজ মেলেনি।

স্বামীকে হারিয়ে দিশেহারা রেবা বেগম এরপর শুরু করেন নিখোঁজ মেয়ের সন্ধান। সেই খোঁজ আর অপেক্ষার ১৯ বছর পেরিয়ে গেছে। মধ্যবয়সী নারী থেকে তিনি এখন শীর্ণকায় বৃদ্ধা। এর মধ্যে বলেশ্বরের ভাঙনে হারিয়েছেন কৃষিজমি ও বসতভিটা। আশপাশের মানুষজনও অন্যত্র চলে গেছেন। কিন্তু মেয়ের ফেরার আশায় তিনি ছাড়েননি সেই বেড়িবাঁধ।

বেড়িবাঁধের ওপর একটি ছোট কুঁড়েঘরে বসবাস করেন রেবা বেগম। প্রতিটি ঝড়ে ঘর ভেঙে যায়, আবার কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেন। তাঁর ভয়, অন্য কোথাও চলে গেলে মেয়ে ফিরে এসে তাঁকে খুঁজে পাবে না।

রেবা বেগম বলেন, ‘সিডরের পর কতজনের কত বাছা ফিরা আইছে। শুধু মোর পাখিটা ফিরা আয়নাই। আশায় থাহি, একদিন ফিরা আইয়া মা বইলা ডাক দিয়া জড়ায়ে ধরবে। আমার পরানডা ঠান্ডা অইবে। কানতে কানতে চোহে আর পানি নাই। চোহেও ভালো দেখতে পাই না। শুধু চাই, মাইয়াডা ফিরা আসুক।

নিখোঁজ রহিমার বড় বোন রুমা খাতুন (৩৭) বলেন, ‘ছোট বোন হারিয়ে যাওয়ার পর থেকেই মা এই বেড়িবাঁধে বসে আছেন। ১৯ বছরে দুটি বেড়িবাঁধ ভেঙেছে। আমাদের জমিজমা ও বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। আমার বিয়ে হয়েছে অন্যত্র; কিন্তু মাকে একা রেখে যাওয়ার মতো কেউ নেই। তাই বাধ্য হয়ে মায়ের জন্য এই বেড়িবাঁধেই ঘর বেঁধে থাকতে হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ঝড় এলে ঘর ভেঙে যায়, তখন ভয় লাগে। মাঝে মাঝে বড় জোয়ারে ঘরে পানি ওঠে। তবু মা এখানেই থাকেন, রহিমা ফিরে আসবে—এই আশায়।

রহিমার মামা গফুর পঞ্চায়েত বলেন, ‘আমরাও চাই রহিমা ফিরে আসুক। অনেক শিশু সিডরের সময় নিখোঁজ হয়েছিল। বিভিন্ন সংস্থা তাদের উদ্ধার করে নিয়ে গেছে। বড় হয়ে কেউ কেউ আবার শিকড়ের সন্ধানে ফিরে এসেছে। রহিমাও একদিন ফিরে আসবে—এই আশাতেই দিন কাটছে আমার বোনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca