• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে ‘ফিরে আসব? কোথা থেকে?’ মাতৃত্বের পর কটাক্ষের জবাব ক্যাটরিনার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ অভিযান, ২৩৯ হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ, আলোচনায় হরমুজ ও ইউক্রেন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার সমীকরণে এখন গুরুত্বপূর্ণ আরব দলগুলো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

‘ফিরে আসব? কোথা থেকে?’ মাতৃত্বের পর কটাক্ষের জবাব ক্যাটরিনার

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। মাতৃত্বের পর শরীরকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যাশা নিয়ে প্রশ্ন তুলে ক্যাটরিনা বলেছেন, ‘বাউন্স ব্যাক? ফ্রম হোয়ার?’ অর্থাৎ, ‘ফিরে আসব? কোথা থেকে?’

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ প্রতিবেদনে দেওয়া সাক্ষাৎকারে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা, শরীর নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। ২০২৫ সালের ৭ নভেম্বর স্বামী ভিকি কৌশলের সঙ্গে তাঁর প্রথম সন্তান ভিহানের জন্ম হয়।

গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর আয়োজনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর জনসমক্ষে তাঁর উল্লেখযোগ্য উপস্থিতিগুলোর একটি ছিল এটি। তবে সেই উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোশাক ও সাজের চেয়ে শরীরের পরিবর্তন নিয়ে বেশি আলোচনা শুরু হয়।

ক্যাটরিনার পুরোনো ও সাম্প্রতিক ছবি পাশাপাশি রেখে বিভিন্ন কোলাজ ছড়িয়ে পড়ে অনলাইনে। কেউ তাঁর ওজন নিয়ে মন্তব্য করেন, কেউ আবার চেহারার পরিবর্তনকে তাঁর ক্যারিয়ারের ভবিষ্যতের সঙ্গে যুক্ত করেন। এসব মন্তব্যের মধ্য দিয়ে সন্তান জন্মের পর নারীর শরীর কেমন হওয়া উচিত, তা নিয়ে সামাজিক প্রত্যাশার বিষয়টিও সামনে আসে।

ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, অন্যের মতামতের পরিবর্তনশীল স্রোতে নিজেকে প্রভাবিত হতে দিতে চান না তিনি। মাতৃত্বের এই বিশেষ সময় এবং জীবনের পরবর্তী অধ্যায়ে মনোযোগ দেওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

নিজের শরীর ও ফিটনেস নিয়ে সচেতন থাকার কথা জানিয়ে ক্যাটরিনা বলেন, তাঁর শরীর কখন সবচেয়ে বেশি কর্মক্ষম ও উদ্যমী বোধ করে, তা তিনি জানেন। নিজের গতিতেই সেই অবস্থায় পৌঁছাতে চান তিনি। অন্যের প্রত্যাশা পূরণের জন্য তাড়াহুড়ো করে শরীরের পরিবর্তন ঘটানোর প্রয়োজন দেখছেন না অভিনেত্রী।

সন্তান জন্মের অভিজ্ঞতা তাঁর কাছে কতটা গভীর, সেটিও তুলে ধরেছেন ক্যাটরিনা। তাঁর ভাষ্য অনুযায়ী, ভিহানের মুখ প্রথম দেখার অনুভূতি ছিল অবর্ণনীয়। মাতৃত্ব তাঁর জীবনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণের পর অতীতের অবস্থায় ফিরে যাওয়ার চাপ নেওয়ার কারণ দেখেন না তিনি।

সাক্ষাৎকারে স্বামী ভিকি কৌশলকে নিয়েও কথা বলেছেন ক্যাটরিনা। তাঁর কাছে ভিকি একজন ভালো স্বামীর পাশাপাশি অসাধারণ বাবা। কাজের ব্যস্ততার মধ্যেও স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটানোর সময় ভিকি তাঁদের প্রতি পুরোপুরি মনোযোগী থাকেন বলে জানিয়েছেন তিনি।

ক্যাটরিনার ভাষায়, ভিকির একটি বিশেষ গুণ হলো—পরিবারের সঙ্গে থাকলে তিনি পুরোপুরি তাঁদের সঙ্গেই থাকেন। সন্তান জন্মের পর দম্পতির দৈনন্দিন জীবনেও পরিবর্তন এসেছে। আগে একসঙ্গে রোমান্টিক ডিনার কিংবা সিনেমা দেখার মতো পরিকল্পনা করা গেলেও এখন গাড়ির পেছনের আসনে বসে কাটানো ছোট ছোট মুহূর্তও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভিকি তাঁকে মনে করিয়ে দেন, জীবনের প্রতিটি পরিবর্তনেরই নিজস্ব সময় রয়েছে। ক্যাটরিনার বর্তমান অবস্থানের সঙ্গেও কথাটি মিলে যায়। মাতৃত্ব, নিজের শরীর কিংবা অভিনয়ে ফেরার সিদ্ধান্ত—কোনো কিছু নিয়েই নির্দিষ্ট সময়সীমার চাপে পড়তে চান না তিনি।

অভিনয়জীবন নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন ক্যাটরিনা। আপাতত দ্রুত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাঁর। নতুন কোনো চরিত্রে অভিনয় করলে এমন কিছু করতে চান, যা তাঁকে অভিনয়ের নতুন স্তরে নিয়ে যাবে।

বিশেষ করে খলনায়িকার চরিত্রে অভিনয়ের প্রতি আগ্রহের কথা জানিয়েছেন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক, অ্যাকশন ও কমেডিসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার পর্দায় নেতিবাচক চরিত্রের জটিলতা অনুসন্ধানের মাধ্যমে অভিনয়ের নতুন দিক তুলে ধরতে চান ক্যাটরিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca