আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৭’-এর বিভাগীয় পর্যায়ে সেরা ১০-এ স্থান অর্জন করেছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাচোলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ-উল ইসলাম। এ অর্জনের মধ্য দিয়ে সে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে সেরা ১০-এ জায়গা করে নেয় তাহমিদ।
বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ হুমায়ুন কবির, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকার অতিরিক্ত পরিচালক আবুল কালাম এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, রাজশাহীর প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম।
আয়োজক সূত্রে জানা যায়, জাতীয় পর্যায়ের বিজয়ীরা আন্তর্জাতিক পর্যায়ে থাইল্যান্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে জাতীয় পর্যায়ে ভালো ফল অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধা তুলে ধরার সম্ভাবনা রয়েছে তাহমিদের সামনে।
তাহমিদ-উল ইসলামের এ সাফল্যে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাচোলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ অর্জন বিদ্যালয় ও নাচোলের জন্য গর্বের বিষয়।
তাহমিদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জাতীয় পর্যায়ে সাফল্য কামনা করেছেন তার শিক্ষক, সহপাঠী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা করছেন, সে ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি করবে।